রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে তিনি প্রথম আলোর ভবনে পৌঁছে ভবন ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় প্রথম আলোর ভবনে হামলা ও অগ্নিসংযোগ ঘটেছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদের মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

