হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশের ক্রিকেট দল শেষ ম্যাচে ৮ উইকেটে জয় তুলে সিরিজ নিজেদের করে নিয়েছে।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। আগ্রাসী শুরু করার পর আয়ারল্যান্ডের দল ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়। স্টার্লিং ২৭ বলে ৩৮ রান করেন এবং জর্জ ডকরেল ২৩ বলে ১৯ রান যোগ করেন। বাংলাদেশ পক্ষে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি করে উইকেট।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন। তবে ১৪ বলে ১৯ রান করে সাইফ আউট হন। অধিনায়ক লিটন দাস ৬ বলে ৭ রান করে আউট হওয়ার পর পারভেজ ইমন ক্রিজে এসে তানজিদের সঙ্গে রান সচল রাখেন।
অবশেষে তানজিদ তামিম ৩৫ বলে ৫৫ রানের ফিফটি তুলে দলের জয় নিশ্চিত করেন। পারভেজ ইমন ২৬ বলে ৩৩ রান অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের পক্ষ থেকে ইয়োং ও হ্যারি টেক্টর নেন ১টি করে উইকেট।
বাংলাদেশের এই জয় সিরিজে ২-১ ব্যবধানে শীর্ষস্থান নিশ্চিত করে।

