সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজার জেলায় নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের আগে তৌহিদুজ্জামান পাভেল দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশাসনিক তৎপরতায় তাঁর বিশেষ সুনাম রয়েছে। তিনি এর আগে রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও ৫ মাস দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্যশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মৌলভীবাজারে প্রায় ১৪ মাস দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নতুন জেলা প্রশাসকের যোগদানে মৌলভীবাজারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব হবে-এমন প্রত্যাশা জেলাবাসীর।

