বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া রুবাবা দৌলা দায়িত্ব নেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। তিনি তার অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থান জানান।
রুবাবা দৌলা বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হবে ক্রিকেটের মান আরও উন্নত করা এবং সবাই মিলে এগিয়ে যাওয়া।” তিনি আরও বলেন, “আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি না, একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।”
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণে বিসিবির নীতি থাকবে ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, “আমি চাই নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।” পাশাপাশি নারী ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন ও পেশাদার মান বৃদ্ধি করতেও তিনি মনোযোগ দিতে চান।

