বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে মঞ্জুরুল ইসলাম এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বর্তমানে চীনে অবস্থান করা মঞ্জুরুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, “সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”
জাহানারা ৬ নভেম্বর জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে জানিয়েছেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, “উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেছে—‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।’”
জাহানারা অভিযোগ করেছেন, বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”
এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।

