সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের রাজনগরে প্যানেল চেয়ারম্যানসহ দুই শতাধিক চা শ্রমিক বিএনপিতে যোগ দিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের নারী শ্রমিকরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
উপজেলা বিএনপির সূত্রে জানা গেছে,রাজনগরে মোট ১২টি চা বাগান রয়েছে। নতুন কমিটি গঠনের পর থেকে উপজেলা বিএনপি প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন ও প্রচার কার্যক্রম চালিয়ে আসছে। দলের জনসম্পৃক্ততা বাড়াতে চা শ্রমিকদের মাঝে বিএনপির নীতি,আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি তুলে ধরা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাথিউড়া চা বাগানের নারী শ্রমিকদের বড় একটি অংশ এবার বিএনপিতে যোগ দিলেন।
বিএনপিতে যোগদানকারী শ্রমিক ভারত মনি মুনিয়া বলেন,“আমরা আগে নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিতাম না। এখন সময় বদলেছে,মানুষ সচেতন হচ্ছে। বিএনপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা দলে যোগ দিয়েছি। আশা করি বিএনপির মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নত হবে, আমাদের সন্তানরাও ভালো শিক্ষার সুযোগ পাবে।”
প্যানেল চেয়ারম্যান রামদুলারী নুনিয়া বলেন,“আমি আগে কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলাম না। বিএনপির নীতি-আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখেই যোগ দিয়েছি। আমার সঙ্গে প্রায় দুই শতাধিক নারী শ্রমিকও বিএনপিতে এসেছে। আমরা একযোগে কাজ করে রাজনগরে বিএনপির প্রার্থী এম. নাসের রহমানকে বিজয়ী করব।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন বলেন,“দীর্ঘদিন রাজনগরে বিএনপির কোনো সক্রিয় কমিটি ছিল না। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর দলীয় কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। মানুষ বিএনপির প্রতি আস্থা রাখছে, তাদের স্বতঃস্ফূর্ত যোগদানই তার প্রমাণ।”

