মোঃ রেজাউল হক শাকিল,
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা ও চন্ডিদা বিওপি এবং কুমিল্লার সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সীমান্তবর্তী এলাকা হতে মোট ১ কোটি ৮৩ লক্ষ ৪৬ হাজার ১৩২ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে: ভারতীয় অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাউল, গরু, শাড়ি, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, হেলফিট ঔষধ, নেভিয়া বডি লোশন, রিংগার্ড ক্রিম, মোভ স্প্রে, ডেইরী মিল্ক ও ডার্ক চকলেট, সিএনজি, বাঁজি, তাস, ডাবর আমলা তৈল, ইঁদুর মারার ঔষধ, লোহার কাঁচি ও কুচ, কাঠের আচাড়ী, চুলের মেহেদী পাউডার, চুলের কালো কলপ, খুর, চুল কাটার কেঁচি, চুলের ক্লিপ, ফেসওয়াশ, বীজ, চিপস, পিকআপ, ডাব সাবান, বডি স্প্রে এবং দাতের মাজন।
জব্দকৃত এসব মালামাল নিকটস্থ আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ হস্তান্তর করা হবে।
৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানিয়েছেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের বিশেষ অভিযান সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

