ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছে। রবিবার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার কসবা ও বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এছাড়া আখাউড়া সীমান্ত থেকে জব্দ করা হয়েছে গাঁজা ও ফেনসিডিল।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্ত এলাকার ২০৩৯/এম পিলারের কাছ থেকে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। জব্দকৃত শাড়িগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, রাত পৌনে তিনটার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪৬ লাখ ৯৮ হাজার টাকা।
এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাপ জব্দ করেছে বিজিবি সদস্যরা। সব জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস ও সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হচ্ছে বলে জানায় বিজিবি।

