ধ্যান বা মেডিটেশনের গুরুত্ব কমবেশি সবারই জানা। নিয়মিত ধ্যান করলে শরীর হালকা হয়, মনও শান্ত হয়। তবে অনেকের জন্য নিয়মিত ধ্যান করা কঠিন, কারণ চুপ করে বসে থাকা কিছু মানুষের কাছে সহজ নয়। যারা ধ্যান শুরু করতে চান কিন্তু মন বসাতে পারছেন না, তারা কয়েকটি সহজ কৌশল অনুসরণ করতে পারেন।
ছোট ছোট পদক্ষেপ নিন: শুরুতে দীর্ঘ সময় বসার দরকার নেই। মাত্র দুই থেকে তিন মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। ধীরে ধীরে সময় বৃদ্ধি করুন। সময়ের সঙ্গে ধৈর্য বাড়বে।
নির্দিষ্ট সময় বেছে নিন: সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি নির্দিষ্ট সময় ঠিক করুন ধ্যানের জন্য। প্রতিদিন একই সময়ে বসলে শরীর-মন সেটিকে অভ্যাস হিসেবে গ্রহণ করবে।
নিজের স্থান তৈরি করুন: বাড়ির মধ্যে একটি শান্ত জায়গা বেছে নিন—যা জানলার পাশে হতে পারে বা বিছানার এক কোণে। প্রতিদিন সেই জায়গায় বসার চেষ্টা করুন।
শ্বাস-প্রশ্বাসে মনোযোগ দিন: গভীরভাবে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। সেই ছন্দটুকু অনুভব করুন। মন অন্য দিকে গেলে হালকাভাবে আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন।
আনন্দ খুঁজে নিন: ধ্যানকে চাপ হিসেবে দেখবেন না। ঘরে হালকা আলো, মৃদু শব্দ বা সুন্দর পরিবেশ তৈরি করুন। এতে ধ্যান আনন্দদায়ক হবে।
ধৈর্য ধরুন: প্রথমে মন অস্থির হবে, তবে হাল ছাড়বেন না। নিয়মিত অনুশীলনেই ধীরে ধীরে মন শান্ত হবে।
সাফল্য উদ্যাপন করুন: একটানা কয়েক দিন ধ্যান করতে পারলে নিজেকে সফল মনে করুন। একটি গান শোনা, একটি বই পড়া বা প্রিয় ফুল কেনা—ছোট্ট পুরস্কার অভ্যাসকে স্থায়ী করতে সাহায্য করে।

