মোঃ ইকরাম হাসান ,দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি চুন কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে কারখানায় কর্মরত ৮ শ্রমিককে আটক করে মডেল থানা পুলিশ।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে আটক শ্রমিকদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারখানা মালিকসহ ১৫ জনের নামে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত শ্রমিকরা হলেন—
নেত্রকোনা জেলার আবুল কালাম (৩৫), দুলাল মিয়া (৩২), আবু কালাম (৩৯), মো. সুহাগ মিয়া (৩০), মো. সুজন মিয়া (৪১), মো. চান মিয়া (৩৮), আ. লতিফ (৪০) এবং সুনামগঞ্জ জেলার মাইদুল ইসলাম।
বাখরাবাদ গ্যাসের গৌরীপুর অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন বা লাইসেন্স ছাড়াই চুন উৎপাদন করে আসছিল কারখানাটি। এতে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল, যা সরকারি সম্পদের অপচয় এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। স্থানীয় প্রশাসনের সহায়তায় অবশেষে কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন কর্মকর্তা জানান, “অবৈধভাবে গ্যাস ব্যবহার করে যারা শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় আমরা কোনো আপস করবো না।”
দাউদকান্দি মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, অবৈধ কারখানার বিষয়টি নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। আটকদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে থাকা অন্যান্য ব্যক্তিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, অবৈধ শিল্প কারখানাগুলো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা এসব কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

