ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে নারীদের ভোটকেন্দ্রে আনা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রচারকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৮ হাজার ৯৫৯ জন, যা মোট ভোটারের প্রায় ৪৭ শতাংশ।
মেয়েদের ভোট নিয়ে তিনি বলেন, “মেয়েরা সহজে প্রভাবিত হয় না। তাদের চিন্তাভাবনা যুক্তিসঙ্গত, তারা স্বাধীনভাবে ভোট দিতে পছন্দ করে। তাই এবারের নির্বাচনে ৪৭ শতাংশ ছাত্রী ভোটারই মূল ব্যবধান তৈরি করবেন।”
তবে নারী ভোটারদের ভোটকেন্দ্রে আনা যে একটি বড় চ্যালেঞ্জ, সেটিও উল্লেখ করেন উমামা ফাতেমা। তাঁর ভাষায়, “অনেকেই ইতোমধ্যে বাসায় চলে গেছেন, কারও আবার পরীক্ষা প্রস্তুতির ছুটি চলছে। অনেক পরিবার থেকেও ফোন করে মেয়েদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এতে ভোটে অনাগ্রহ দেখা দিচ্ছে। তাছাড়া মেয়েদের ভোটকেন্দ্র হলে থেকে অনেক দূরে রাখা হয়েছে, যা আগ্রহ আরও কমিয়ে দিতে পারে।”

