ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন অন্য প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার।
শুক্রবার দুপুরে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে মাহিন সরকার নিজের সমর্থকদের আবু বাকেরকে ভোট দেওয়ার অনুরোধ জানান। মাহিন সরকারের ভাষ্য, গণ-অভ্যুত্থানের শক্তিকে সমন্বিত রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “যাঁরা আমাকে সমর্থন করেন, প্রার্থিতা বাতিল করার সুযোগ না থাকায় আমার নাম লিস্টে থাকবে, কিন্তু আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন ব্যক্ত করছি আবু বাকের মজুমদারের প্রতি।”
মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। তার নেতৃত্বে সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে একটি পৃথক প্যানেল গঠন হয়। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ছিলেন, কিন্তু দলের অনুমতি ছাড়াই ডাকসুতে প্যানেল দেওয়ার কারণে এনসিপি তাঁকে বহিষ্কার করে।
সংবাদ সম্মেলনে মাহিন সরকার আরও বলেন, “গণ-অভ্যুত্থানের নেতৃত্ব নির্বাচিত হলে তারা শিক্ষার্থীদের জন্য বেশি কাজ করবে। তাই ঐক্য বজায় রাখা জরুরি।”
এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের দুজন নেতা জানান, মাহিন সরকারের সঙ্গে পূর্বে কথা হয়েছে। কিন্তু শীর্ষ পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি অনড় থাকায় আলাদা প্যানেল ঘোষণা করেন।

